সংগৃহিত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে ব্যাপক লুটপাটের পর সেই জায়গা পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৯ সদস্যের একটি তদন্তদল।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাতের নেতৃত্বে ৯ সদস্যের দলটি সাদাপাথর এলাকা পরিদর্শন করে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের রাফী মোহাম্মদ নাজমূস সাদাত বলেন, 'এটা মূলত স্থানীয় প্রশাসনের দায়িত্ব। প্রশাসনের আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল। তাদের আরও কার্যকর ভূমিকা রাখা দরকার ছিল। এ ছাড়া খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোসহ যেসব বিভাগ এর সঙ্গে যুক্ত তাদের লুট ঠেকাতে ভূমিকা রাখা প্রয়োজন ছিল।'
তিনি বলেন, 'এখানে কয়েকশ কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা হয়েছে। পর্যটকরা সাদাপাথরে এসে হতাশ হচ্ছেন। এত সুন্দর পাথরগুলো লুটে নেওয়ায় তারা আফসোস করছেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা হয়েছে।'
কারা এই লুটের সঙ্গে জড়িত এমন প্রশ্নে দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক বলেন, 'আশপাশে অনেক স্টোন ক্রাশার মিল। এগুলোতে এখান থেকে পাথর নিয়ে ভাঙা হয়। এ ছাড়া এর সঙ্গে এখানকার প্রভাবশালী ব্যক্তি, স্থানীয় লোকজন, আরও অনেক উচ্চস্তরের ব্যবসায়ীরা জড়িত বলে শুনতে পাচ্ছি। আমরা এসব তথ্য নিয়ে আরও কাজ করব।'
তিনি আরও বলেন, 'আজকের পরিদর্শনের প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠাব। তারপর তাদের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যারা এই লুটের সঙ্গে যুক্ত তাদের সবাইকে খুঁজে বের করার চেষ্টা করছি। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তাবার্তা / সুলতানা




