সিলেটের গোলাপগঞ্জের মেধাবী শিক্ষার্থী আরাফাত রহমানের একাদশ শ্রেণিতে ভর্তির দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের কার্যালয়ে ব্যক্তিগত তহবিল থেকে ভর্তির জন্য আরাফাতের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।
জানা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ গোল্ডেন-৫ অর্জন করে গোলাপগঞ্জ পৌরসভার বাসিন্দা আরাফাত রহমান। পরে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমিতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয় সে। কিন্তু তার বাবা আংশিক পক্ষাঘাতগ্রস্ত থাকায় ভর্তির ফি দিতে হিমশিম খাচ্ছিল সে। এমতাবস্থায় আরাফাত গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের দ্বারস্থ হলে তিনি তার ভর্তির দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ভর্তির জন্য নগদ অর্থ তার হাতে তুলে দেন। এ ছাড়াও ভবিষ্যতে আরাফাতের পড়ালেখা সংক্রান্ত যেকোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
এমন কঠিন মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আরাফাতের পরিবার।
জৈন্তা বার্তা/আরআর




