সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১২১ বোতল বিদেশি মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে জৈন্তাপুর থানাধীন সারিঘাট বাজার এলাকায় অবস্থানকালে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জৈন্তাপুর বাজারের উত্তর পাশে মাস্তিংহাটি এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে একটি অটোরিকশাসহ অবস্থান করছে।
এ সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে অটোরিকশায় থাকা কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় ৩ জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অটোরিকশার সিটের পেছনে থাকা ৪টি কালো পলিথিনের ভেতর থেকে ১২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সবির উদ্দিন (৩৬), মো. হাবিবুর রহমান (২৩) এবং সাজু আহমদ (২৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃতদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাব-৯ এর চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।
জৈন্তাবার্তা/আরআর




