ছবি:সংগৃহীত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিনসহ আশপাশের সময়ে সিলেট বিভাগে দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। বিশেষ করে সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা ও দুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও সিলেটে একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এ সময়ে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বায়ুর প্রভাবে এ সময় আবহাওয়া পরিবর্তনশীল থাকবে। ফলে হঠাৎ করে আকাশ মেঘলা হওয়া, দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি স্বাভাবিক ঘটনা।
ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা ও কোরবানির পশু পরিবহনে বৃষ্টি কিছুটা ভোগান্তি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সড়ক ও নৌপথে চলাচলে ধীরগতি দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বৃষ্টির পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
সব মিলিয়ে ঈদের দিন সিলেটের আবহাওয়া থাকবে পরিবর্তনশীল। তাই ভ্রমণ ও কোরবানিসংক্রান্ত প্রস্তুতিতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




