মেঘনা দূষণের কারণে ভরা মৌসুমেও ধড়া পড়ছে না ইলিশ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:০০ PM

মেঘনা দূষণের কারণে ভরা মৌসুমেও ধড়া পড়ছে না ইলিশ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ০৬:৩০:৩৯ PM

মেঘনা দূষণের কারণে ভরা মৌসুমেও ধড়া পড়ছে না ইলিশ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ছবি:নিজস্ব


মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের মৌসুমে ৩৮ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত ইলিশ আহরণ কম হয়েছে। নদীর নাব্যতা কমা, আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে এটা হয়েছে। মেঘনা দূষণের কারণে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। ইলিশ আমাদের পরিচয়, ইলিশকে প্রাধান্য দিতে হবে। সাধারণ মানুষের পাতে যেনো ইলিশ যেতে পারে, তার ব্যবস্থা করতে হবে।

আজ শুক্রবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ফিসারিজ এর উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ আলাদা নয়। কৃষি ও প্রাণিসম্পদদের পাশাপাশি মৎস্য সম্পদের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশ নদীমাতৃক যেমন, তেমনি পানিমাতৃক দেশও। যারা প্রকৃত মৎস্যজীবী, তারা কখনো ক্ষতিকারক জাল ব্যবহার করেন না। অমৎস্যজীবীরা তাৎক্ষণিকলাভের আশায় ক্ষতিকারক জাল ব্যবহার করেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে কনফারেন্সে চীফ পেট্রন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

অতিথিরা মৎস্য সম্পদের উন্নয়নে গবেষণার বিকল্প নেই বলে জানান। কনফারেন্সে কী নোট স্পীকার ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিন ফিসারিজ অ্যান্ড এগ্রিকালচার বিভাগের প্রফেসর ড. মো. আবদুল ওয়াহাব।

বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি অনুরাধা ভদ্র, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

কনফারেন্সে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষক, গবেষক ও মৎস্য বিজ্ঞানী অংশ নেন।

জৈন্তাবার্তা / সুলতানা