ক্যা*ন্সারে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার টাকা ছি*নতাই
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:১৫ PM

ক্যা*ন্সারে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার টাকা ছি*নতাই

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ০১:৫৩:০৮ PM

ক্যা*ন্সারে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার টাকা ছি*নতাই

প্রতীকী ছবি


সিলেটের গোয়াইনঘাটে এক অসহায় নারীর স্বামীর চিকিৎসার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বার্কিপুর গ্রামের আহমদ উল্লাহ দীর্ঘদিন থেকে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। ব্যায়বহুল চিকিৎসার জন্য সকল সহায়-সম্বল হারিয়ে নিরুপায় তার পরিবার। এর মধ্যেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় তার। হাসপাতালে চিকিৎসা নেওয়ার মতো টাকা ছিল না।

এমতাবস্থায় আহমদ উল্লাহ'র স্ত্রী সাবিহা বেগম তার বাবার বাড়ি পার্শ্ববর্তী পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খাস মৌজা গ্রামের পৈতৃক সম্পত্তি ভাইয়ের কাছে বিক্রির আবদারে ৭০ হাজার টাকা ধার করেন। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে গত রবিবার (৩১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টায় স্থানীয় বারহাল বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে স্বামীর বাড়ি বার্কিপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। পতিমধ্যে সারী-গোয়াইনঘাট সড়কের লাফনাউট এলাকায় পৌঁছালে অটোরিকশাচালক বখতিয়ার উদ্দিন (বখাই) ও আগে থেকে ওত পেতে থাকা দুইজন লোক ওই নারীর কাছে থাকা টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী সাবিহা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত, ব্যয়বহুল চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি। সহায়-সম্বল সব হারিয়ে পথে বসার উপক্রম। কোনো উপায় না পেয়ে স্বামীর চিকিৎসার জন্য বাবার বাড়ির সম্পত্তি বিক্রির টাকা এনেছিলাম। কিন্তু সেই টাকা ছিনতাই হয়ে গেল। 

গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান বলেন, ঘটনা শুনেছি এবং লিখিত অভিযোগও পেয়েছি। আসামিদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর