ছবি: নিজস্ব
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু শিক্ষা একাডেমিসহ ৫টি শিক্ষা প্রতিষ্টান পেলো (প্রাথমিক শাখা) প্রাথমিক পর্যায়ে পাঠদানের আনুষ্ঠানিক স্বীকৃতি।
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে, তাদের মধ্যে দক্ষতা, নৈতিকতা ও কর্মমুখী শিক্ষার বিকাশ ঘটানোর লক্ষ্যে ১৯৯৬ সালে যাত্রা শুরু করে শিশু শিক্ষা একাডেমি। বর্তমানে প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষা বিস্তারে সুপরিচিতি লাভ করেছে।
গত (১৩অক্টোবর) মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বড়লেখা উপজেলা শিক্ষা অফিসে শিশু শিক্ষা একাডেমি সহ পাঁচটি বিদ্যালয়ের স্বীকৃতিপত্র প্রদান করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
প্রায় ৩০ বছর ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসার পর, বিদ্যালয়টি অবশেষে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা’-এর আওতায় পাঠদানের অনুমতি লাভ করেছে।
জানা গেছে, বড়লেখা উপজেলায় বর্তমানে প্রায় ৭০টি বেসরকারি কেজি স্তরের বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪০টি বিদ্যালয় সরকারের কাছে পাঠদানের অনুমতি চেয়ে আবেদন করে। যাচাই- বাছাই ও পর্যবেক্ষণের পর ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩’-এর বিধি ৪(৫) এর অধীনে জেলা শিক্ষা অফিস প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পাঁচটি বিদ্যালয়কে স্বীকৃতি প্রদান করে।
স্বীকৃতি প্রাপ্ত বিদ্যালয়গুলো হলো— শিশু শিক্ষা একাডেমি,ইকরা ইন্টারন্যাশনাল একাডেমি,আল হেরা একাডেমি,ইন্টারন্যাশনাল স্কুল ও গাংকুল পঞ্চগ্রাম কেজি স্কুল।
শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক ইশরাত রেবিন জানান "এই অর্জন শুধু বিদ্যালয় বা পরিচালনা কমিটির নয়, বরং অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতে আরও মানস্মত উন্নত শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করে যাব।
জৈন্তাবার্তা / মনোয়ার




