জগন্নাথপুরে অনার্সপড়ুয়া শিক্ষার্থীর ইসলাম ধর্ম গ্রহণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

জগন্নাথপুরে অনার্সপড়ুয়া শিক্ষার্থীর ইসলাম ধর্ম গ্রহণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৬ ০৩:৩১:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে অনার্সপড়ুয়া শিক্ষার্থীর ইসলাম ধর্ম গ্রহণ

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সিলেট মুরারিচাঁদ কলেজের (এমসি) ইসলামের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষে শিক্ষার্থী শংকর চন্দ্র।শুক্রবার (৩০ জানুয়ারি) নিজ এলাকার মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এর পর তিনি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি জানান।

শংকর জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার সুকেশ চন্দ্র করের ছেলে। ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নাম ইবাদুর হামজা। তিনি গেল বছরের ১২ অক্টোবর সুনামগঞ্জ জজ আদালতে ধর্মান্তর হলফনামা মাধ্যমে তার নাম পরিবর্তন করেন। এর দুইদিন আগে অর্থাৎ ১০ অক্টোবর ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিনের নিকট কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে পারিবারিক অসুবিধার কারণে তিনি বিষয়টি গোপন রাখেন।

অনার্সপড়ুয়া ওই শিক্ষার্থী তার ফেসবুকে লিখেন, আমি আমার জীবনের এমন একটি সিদ্ধান্ত সবার সামনে তুলে ধরছি, যা কোনো হঠাৎ আবেগের ফল নয়, বরং দীর্ঘ সময়ের চিন্তা, অধ্যয়ন ও আত্মঅনুসন্ধানের ফল। গত তিন বছর ধরে আমি ইসলাম ধর্ম সম্পর্কে গভীরভাবে পড়াশোনা করেছি। এই সময়ে আমি কেবল বইয়ের পাতা উল্টাইনি,আমি প্রশ্ন করেছি, খুঁজেছি, যাচাই করেছি। কুরআনের আয়াত, রাসূলুল্লাহ (স:)–এর জীবনাদর্শ, সাহাবিদের চরিত্র, ইসলামের নৈতিকতা, মানবিকতা ও যুক্তিবোধ সবকিছু আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আমি এমন এক সত্যের মুখোমুখি হয়েছি, যা আমাকে অন্তরের গভীর থেকে নাড়া দিয়েছে। আমি উপলব্ধি করেছি, ইসলাম কেবল একটি ধর্ম নয়, বরং পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যেখানে আছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, মানুষের প্রতি দায়িত্ববোধ, ন্যায়বিচার, ক্ষমা, ধৈর্য এবং আত্মশুদ্ধির শিক্ষা।

তিনি বলেন, এই দীর্ঘ অধ্যয়ন আমাকে বুঝিয়েছে, ইসলাম মানুষকে অন্ধ বিশ্বাস শেখায় না; বরং চিন্তা করতে, বুঝতে এবং সত্যকে গ্রহণ করতে আহ্বান জানায়। এ কারণেই আমি কোনো চাপ, প্রলোভন বা বাহ্যিক প্রভাব ছাড়াই, নিজের বিবেক, যুক্তি ও অন্তরের প্রশান্তি থেকে ইসলামকে গ্রহণ করেছি।তিনি পরিবার পরিজনদের উদ্দেশ্যে বলেন, আমি জানি; আমার এই সিদ্ধান্ত অনেকের জন্য অপ্রত্যাশিত হতে পারে। কারও মনে প্রশ্ন, কারও মনে বিস্ময়, আবার কারও মনে দ্বিধাও আসতে পারে। আমি সবার প্রতি শ্রদ্ধার সঙ্গে বলতে চাই এই সিদ্ধান্ত কারও বিরুদ্ধে নয়, কাউকে ছোট করার জন্যও নয়। এটি আমার নিজস্ব বিশ্বাস ও আত্মিক শান্তির একটি পথচলা।

ইসলামের ব্যাপারে তিনি বলেন, ইসলাম আমাকে শিখিয়েছে; সব মানুষ সম্মানের যোগ্য। ভিন্নমত থাকা স্বাভাবিক আর সত্যের পথে চলতে হলে ধৈর্য ও নম্রতা সবচেয়ে বড় শক্তি। আজ আমি নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি, তবে একই সঙ্গে আমি জানি, মুসলিম হওয়া মানে নিখুঁত হওয়া নয়, বরং প্রতিদিন নিজেকে আরও ভালো মানুষ বানানোর চেষ্টা করা।

তিনি দোয়া চেয়ে বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি; তিনি যেন আমাকে সঠিক পথে অবিচল রাখেন। আমার ভুলগুলো ক্ষমা করেন। আমার চরিত্র ও আচরণে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে সাহায্য করেন।স্থানীয় সমাজকর্মী আলী আকবর বলেন, আজকে (শুক্রবার) জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে বিষয়টি এলাকায় প্রকাশ পেয়েছে। আমরা এলাকাবাসী তার যে কোন প্রয়োজনে সাথে আছি। আল্লাহ যেন তাকে দ্বীনি পথে অগ্রসর করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা