ছবি:সংগৃহীত
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু বলেছেন, খেলাধুলা যুবসমাজকে মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ, উদ্যমী ও সচেতন যুবসমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন সংলগ্ন মাঠে কাদিপুর ফুটবল একাদশ আয়োজিত মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শকু বলেন, ‘আজকের যুবসমাজই আগামীর বাংলাদেশ গড়বে। তাই তাদের খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক ধারায় সম্পৃক্ত রাখা আমাদের সবার দায়িত্ব।’ তিনি আরও বলেন, কুলাউড়ায় একটি স্টেডিয়াম নির্মাণের অনুমোদন পাওয়া গেছে এবং ভবিষ্যতে খেলাধুলার উন্নয়নে আরও কাজ করা হবে। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ফাইনাল খেলায় ভাই ভাই প্যানেল ভাটেরাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কৌলারশী ফুটবল একাদশ কাদিপুর।
খেলা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান সেন্টুর সভাপতিত্বে এবং আহমদ হোসাইন জামিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার, সাবেক সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, কেকেপির প্রতিষ্ঠাতা আহসানুজ্জামান রাসেল, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মুহিত বাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




