সংগৃহিত
সিলেটে দিনদুপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক কলেজ শিক্ষক। নিজের তিন বছরের সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সিএনজিচালকসহ একটি চক্রের বিরুদ্ধে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওহি আলম রেজা বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক। তিনি তার শিশুসন্তানকে নিয়ে আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।
জানা যায়, অটোরিকশাটিতে আগে থেকেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পর আরও একজন ওঠেন। সন্দেহজনক পরিস্থিতির মধ্যে কিছু দূর যাওয়ার পর হঠাৎ এক যাত্রী শিশুটির গলায় ছুরি ধরে সবাইকে চুপ থাকার নির্দেশ দেয়।
এ সময় আতঙ্কিত হয়ে শিক্ষক সন্তানকে জড়িয়ে ধরলে অন্যজন তার পকেট তল্লাশি করে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর সিএনজিচালকসহ তারা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। দিনের বেলায় এমন ছিনতাইয়ের ঘটনায় নগরীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে ভুক্তভোগী ওহি আলম রেজা জানিয়েছেন, এ ঘটনায় তিনি এয়ারপোর্ট থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




