গোয়াইনঘাটে রাতে কৃষকের নির্মাণাধীন ঘর ভা*ঙচুরের অভি*যোগ
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৪ AM

গোয়াইনঘাটে রাতে কৃষকের নির্মাণাধীন ঘর ভা*ঙচুরের অভি*যোগ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ০৮:০৯:১৭ PM

গোয়াইনঘাটে রাতে কৃষকের নির্মাণাধীন ঘর ভা*ঙচুরের অভি*যোগ

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রাস্তার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে এক কৃষকের নির্মাণাধীন বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাশের জুজমহল ও উপরধুমকা গ্রামের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক সামছুল হক। তিনি এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পরবল্লী গ্রামে সামছুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সামছুল হক জানান, বাড়ির পাশের নিজ মালিকানাধীন জমিতে তিনি বসতঘর নির্মাণ শুরু করেন। প্রায় এক সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন তার নির্মাণকাজে বাধা দেন। পরে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখতে বলেন এবং ঈদের পর সালিশের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। এতে তিনি নির্মাণকাজ স্থগিত রাখেন।

তার অভিযোগ, বিচারাধীন অবস্থায় সোমবার রাতে জুজমহল ও উপরধুমকা গ্রামের আমিন উদ্দিন, আলীমুদ্দিন, রাহেল উদ্দিন, লুৎফুর রহমান, রমিজ উদ্দিনসহ ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে ঢুকে নির্মাণাধীন ঘরের পিলার ভাঙচুর করে। এ সময় পুরাতন ঘরে থাকা নারী ও শিশুদের ওপর হামলারও অভিযোগ করেন তিনি। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সামছুল হক।

তিনি আরও বলেন, বাধা দিতে গেলে তাকে মারধরের চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজন ও ইউপি সদস্য ওয়াহিদুল্লাহ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আমিন উদ্দিন বলেন, সামছুল হক রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণ করছিলেন। এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। ইউএনওর নির্দেশ অনুযায়ী রাস্তা থেকে ১২ ফুট দূরে ঘর নির্মাণের কথা ছিল। সেই নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে ঘরের এক পাশের পিলার ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য ওয়াহিদুল্লাহ জানান, বিষয়টি আগে থেকেই বিরোধপূর্ণ ছিল। চেয়ারম্যান সরেজমিনে গিয়ে নির্মাণকাজ বন্ধ রেখে ঈদের পর সমাধানের কথা বলেছিলেন। কিন্তু বিচারাধীন অবস্থায় রাতেই ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা ঠিক হয়নি।

এ বিষয়ে ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীম উদ্দিন বলেন, ইউএনওর নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে সমাধানের জন্য দেন। তবে রাতে ঘর ভাঙচুরের ঘটনা তিনি শুনেছেন এবং এটিকে অন্যায় বলে মন্তব্য করেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ঘর ভেঙে দেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি বলেও তিনি স্পষ্ট করেন। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা ফৌজদারি অপরাধ এবং ভুক্তভোগীকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ