এমসি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৪৮ AM

এমসি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ১২:০০:১৩ AM

এমসি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ

সংগৃহিত


সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ-এর নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে বদলি ও পদায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদকে এমসি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ব্যাচের কর্মকর্তা।

অধ্যাপক তোফায়েল আহাম্মদের দীর্ঘ কর্মজীবনের বড় একটি সময় কেটেছে এমসি কলেজে। ১৯৯৮ সালে তিনি রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে কলেজটিতে যোগদান করেন। পরে ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১৩ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তিনি এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ শুকরিয়া। সিলেটের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে আরও এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেও আরও সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে যেতে চাই।”

জৈন্তা বার্তা /ওয়াদুদ