ছবি:সংগৃহীত
দেশব্যাপী খেলাধুলাভিত্তিক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে আগামী ৩০ এপ্রিল সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে ঘিরে ইতোমধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
জানা গেছে, শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে ফুটবল, ক্রিকেট, হকি সহ মোট ৭টি ইভেন্ট নিয়ে দেশজুড়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছে সরকার। একই দিনে সারা দেশে উদ্বোধন হলেও আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য সিলেটকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। ওইদিন সিলেট জেলা স্টেডিয়ামে তিনি প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলা প্রশাসন প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। এর অংশ হিসেবে গত ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এরপর ১ এপ্রিল ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেট সফরে এসে জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্টেডিয়ামের বিভিন্ন অব্যবস্থাপনা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। জানা গেছে, আগামী ১৫ থেকে ২০ এপ্রিলের মধ্যে এসব সংস্কার কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রস্তুতি শুরু হয়েছে। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানিয়েছেন, কেন্দ্র থেকে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা না এলেও প্রধানমন্ত্রীকে বরণ করতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি সিলেট থেকেই জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে তার এবারের সফরকে ঘিরে সিলেটবাসীর মধ্যেও বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




