ছবি:সংগৃহীত
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘বর্ষা-মৌসুমে ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন যেন কোনো ধরনের অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমরা করব। অনেকের ব্যবসা প্রতিষ্ঠান খালের উপরে চলে এসেছে এগুলো পরিষ্কার করতে যদি ব্যবসায়ীরা সহযোগিতা করেন, আমরা পরবর্তী সময়ে খাল খননের ব্যবস্থা করব। এটা অত্যান্ত গুরুত্বপূর্ণ এলাকা। আমি দেখেছি গত বছর হঠাৎ বৃষ্টিতে সমস্ত ঢাকাদক্ষিণ বাজার পানিতে সয়লাব হয়ে গেছে।’
শনিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে কাকেশ্বরী নদী পরিদর্শন শেষে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন-গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী ও ব্যবসার প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকাদক্ষিণ বাজার। দীর্ঘদিন থেকে এ নদীর একাংশ দখল করে মার্কেট ও দোকানপাট গড়ে তোলা হয়েছে। নদীর অপরাংশে বাজারের ব্যবসায়ী ও বাসা-বাড়ির লোকজন ময়লা আবর্জনা ফেলে ভরাট করছে। এভাবে দীর্ঘদিন থেকে দখল আর দূষণের ফলে নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ঢাকা দক্ষিণ বাজার পানিতে সয়লাব হয়ে যায়। দোকানগুলোতে পানি ঢুকে নষ্ট হয়ে যায় হাজার হাজার টাকার মালামাল। এতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করা হলেও বিভিন্ন কারণে তা থমকে যায়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




