বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃ*ত্যু
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৩ PM

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃ*ত্যু

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ১২:০৫:৫৬ AM

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃ*ত্যু

সংগৃহিত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে এক ওয়াইফাই সার্ভিস কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইউনিয়নের পাবনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ  উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউছি গ্রামের মাসুক উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ারে উঠে ওয়াইফাই লাইনের কাজ করছিলেন আরিফ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার রাত সাড়ে আটটায় জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক রাত ৯টায় জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।



জৈন্তা বার্তা / ওয়াদুদ