ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। পরে তার লাশ ঘটনাস্থলেই ফেলে পালিয়ে যায় অন্য সদস্যরা। নিহত সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২) সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসের বাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার বাড়িতে বর্তমানে আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করে দেখাশোনা করছেন। গভীর রাতে ভারী বৃষ্টির সুযোগ নিয়ে সংঘবদ্ধ একদল সশস্ত্র ডাকাত রান্নাঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা চালায়।
দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। এসময় গিয়াস উদ্দিন দরজার গ্রিল ধরে প্রতিরোধের চেষ্টা করেন এবং মোবাইল ফোনে খবর দিতে ও আশপাশের লোকজনকে সতর্ক করতে চিৎকার শুরু করেন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে অন্ধকারে ছোড়া সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একই দলের সদস্য সাইফুল ইসলামের মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিস্থিতি বেগতিক দেখে ডাকাত দলের অন্য সদস্যরা গুলিবিদ্ধ সঙ্গীকে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




