শ্রীমঙ্গলে ‘শাওন ছড়া’ খালের নাব্যতা সংকট ও দখলে জনদুর্ভোগ চরমে
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৯ AM

শ্রীমঙ্গলে ‘শাওন ছড়া’ খালের নাব্যতা সংকট ও দখলে জনদুর্ভোগ চরমে

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ০৩:৩২:৪৪ PM

শ্রীমঙ্গলে ‘শাওন ছড়া’ খালের নাব্যতা সংকট ও দখলে জনদুর্ভোগ চরমে

নিজস্ব


একসময় জীবিকা, কৃষি ও প্রকৃতির আশীর্বাদ হিসেবে পরিচিত একটি খাল আজ সেটিই হয়ে উঠেছে দুর্ভোগের কারণ। বছরের পর বছর অবহেলা, নাব্যতা সংকট ও অবৈধ দখলের ফলে প্রতি বর্ষায় ভাঙছে রাস্তা, বিচ্ছিন্ন হচ্ছে গ্রাম, ব্যাহত হচ্ছে শিক্ষার্থী ও রোগীদের স্বাভাবিক চলাচল।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মীরনগর গ্রামে ‘শাওন ছড়া’ খাল ঘিরে এমনই দুরবস্থার চিত্র ফুটে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, খালের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ার পাশাপাশি পাহাড়ি বালু ও পলি জমে খালের গভীরতা কমে গেছে। ফলে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

জানা যায়, মাজদিহি পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ঝিরি একত্রিত হয়ে ‘শাওন ছড়া’ খালের সৃষ্টি। খালটি শাওন ছড়া গ্রাম, ভাগলপুর, মীরনগর, হাজিপুর ও বরুণা অতিক্রম করে গিয়ে গোপলা নদী-এ মিলিত হয়েছে। একই সঙ্গে বাইক্কা বিল ও হাইল হাওর-এর পানির অন্যতম উৎস হিসেবেও খালটির গুরুত্ব অপরিসীম।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালটির ওপর নির্ভর করে গড়ে উঠেছে শতাধিক ফিশারিজ প্রকল্প এবং বিস্তীর্ণ এলাকায় বোরো ধানের চাষাবাদ। কিন্তু খালের পাড় ভাঙন ও নাব্যতা সংকটের কারণে বর্তমানে কৃষিজমি ও মৎস্য খামার হুমকির মুখে পড়েছে।

এদিকে চলতি বর্ষার পানির তোড়ে ইতোমধ্যে মীরনগর ও হাজিপুর এলাকার সংযোগ সড়কের একাংশ ভেঙে গেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও জরুরি সেবা গ্রহণকারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

উপজেলা প্রশাসন জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নিলেও, স্থায়ী সমাধানের জন্য খালটি দখলমুক্ত ও পুনঃখননের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, বর্ষা মৌসুম শুরুর আগেই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

স্থানীয়দের প্রত্যাশা, সরকার ঘোষিত দেশব্যাপী খাল উদ্ধার কর্মসূচির আওতায় ‘শাওন ছড়া’ খালটি দ্রুত পুনরুদ্ধার করা হবে। এতে করে রক্ষা পাবে কৃষিজমি, মৎস্য প্রকল্প এবং হাজারো মানুষের জীবন-জীবিকা।

জৈন্তাবার্তা/সুলতানা