সংগৃহিত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে ক্রীড়া ও যুব উন্নয়নের লক্ষ্যে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ‘গোলবক্স ইনডোর মিনি স্টেডিয়াম’ এর যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবিরবাজারে উক্ত মিনি ইনডোর স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। এসময় তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে কুলাউড়া উপজেলা সকল খেলার মাঠ উন্নয়ন ও সরকারি মিনি স্টেডিয়ামের কাজ শুরু হবে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে নির্মিত এই মিনি ইনডোর স্টেডিয়াম ক্রীড়া উন্নয়নে অনেক ভূমিকা রাখবে। সমাজসেবক আহমদ মাহমুদুজ্জামান ডিপুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সম্পাদক আহমেদ উর রহমান খাঁন মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী, আলমগীর হোসেন ভূইয়া, সমাজ সেবক তোফায়েল চৌধুরী, আহমেদ মাসুদুজ্জামান প্রমুখ।
ইনডোর স্টেডিয়ামের উদ্যোক্তা ডা. রাহাত, মানতাহিদ জামান মান্তা, সৈয়দ সাবলু, মুহিত চৌধুরী জানান, কুলাউড়ায় এই প্রথম প্রায় ৪০-৪৫ লক্ষ টাকা ব্যয়ে ইনডোর স্টেডিয়ামটি নির্মিত হয়েছে। সারা বছর এই স্টেডিয়ামে ক্রিকেট, ফুটবল, দাবা, ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডিসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট চলবে। এছাড়া আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই মিনি স্টেডিয়ামটি ক্রীড়া প্রতিযোগিতা ও খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
ছবির ক্যাপশন-কুলাউড়ার রবিরবাজারে মিনি ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের এমপি শওকতুল ইসলাম শকু।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




