ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা মিস সানজিদা আক্তার। মঙ্গলবার (১২ মে) তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করে প্রথম কর্মদিবস শুরু করেন।
তার যোগদানের মধ্য দিয়ে কুলাউড়া উপজেলায় দ্বিতীয়বারের মতো নারী ইউএনও দায়িত্ব পালন শুরু করলেন। এর আগে তাহসিনা বেগম কুলাউড়ার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শরীয়তপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন।
চাকরি জীবনে সানজিদা আক্তার প্রথমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরে তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের জাতীয় নির্বাচনের সময় তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন।
গত ৩০ এপ্রিল বিভাগীয় কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কুলাউড়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়। এরপর ১২ মে তিনি আনুষ্ঠানিকভাবে কুলাউড়ায় যোগদান করেন।
এদিকে সদ্য বিদায়ী ইউএনও মো. মহিউদ্দিন গত ১১ মে কুলাউড়ায় শেষ কর্মদিবস পালন শেষে সুনামগঞ্জের ছাতক উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগ করেন।
নবাগত ইউএনও সানজিদা আক্তার কুলাউড়াবাসীর সহযোগিতা কামনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে তিনি বদ্ধপরিকর।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




