সংগৃহীত
মৌলভীবাজারে সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে কুলাউড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২৬ মে (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু, ভূকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি ময়দুল ইসলাম আব্দুল হাই, সাংবাদিক মহি উদ্দিন রিপন, পরিবহন শ্রমিক নেতা ইসলাম উদ্দিন জ্ঞানী প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম শকু এমপি বলেন, আকস্মিক অতিবৃষ্টি ও বন্যায় হাকালুকি হাওরাঞ্চলের কৃষকরা চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। তাদের এই সংকটের মুহূর্তে পাশে দাঁড়াতে সরকার দ্রুত এই মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে নগদ অর্থ ও চাল সরাসরি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। যা গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং কৃষকদের ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্থ মোট ১ হাজার ৫৩৭ জন কৃষককে মে ও জুন মাসে পর্যায়ক্রমে ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল দেয়া হবে।
জৈন্তাবার্তা/সুলতানা




