সংগৃহিত
ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং দেশের পর্যটন কেন্দ্রগুলোতে মাদক ও অসামাজিক কার্যক্রম প্রতিরোধের দাবিতে সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে জাফলং জিরো পয়েন্ট এলাকায় আবাবিল ফাউন্ডেশন আয়োজিত এক অভিযাত্রী সফর শেষে সীমান্ত এলাকার তরুণ আলেম ও যুবসমাজ এ সমাবেশে অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করতে হবে। একই সঙ্গে ভারতে মুসলিম ভাই-বোনদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।
এছাড়া জাফলংসহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে মাদক, অসামাজিক কার্যক্রম ও অশ্লীলতা বন্ধ করে পারিবারিক ও নিরাপদ পর্যটন পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
আবাবিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহিদ হাতিমীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ মাওলানা মাসউদ আজহার।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট আলেম মাওলানা রেজাউল করিম দরবস্তী। এছাড়াও ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি সীমান্ত এলাকায় মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং পর্যটন কেন্দ্রগুলোকে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ পরিবেশে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




