জগন্নাথপুরে বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গঠনের আহ্বান
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২৮ PM

জগন্নাথপুরে বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গঠনের আহ্বান

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৫:০৫:৫২ PM

জগন্নাথপুরে বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গঠনের আহ্বান

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬ নম্বর রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় সমসাময়িক বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।মঙ্গলবার (২ জুন) দুপুর ১ টায়  বাগময়না গ্রামের বাসিন্দা হাজী মকবুল হোসেনের বাসভবনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং এসআই জসিম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক কয়েস উদ্দিন মাষ্টার এবং দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মোঃ আল আমীন।

সভায় সভাপতির বক্তব্যে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাদক, ইভটিজিং, জুয়া, সাইবার ক্রাইম, বাল্যবিয়ে, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা এবং নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক ব্যাধিগুলো সমাজ থেকে সমূলে উপড়ে ফেলাই বিট পুলিশিংয়ের মূল উদ্দেশ্য। বর্তমান সময়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের ডিজিটাল ডিভাইস ও মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালনা করার ওপর তিনি জোর দেন। জনগণকে সাথে নিয়ে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে একটি আইন মান্যকারী সুনাগরিক সমাজ গড়ে তুলতে এবং কোনো অপরাধ দানা বাঁধার আগেই তা প্রতিরোধ করতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি সমসাময়িক বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন-  হাজী সুন্দর আলী, হাজী মকবুল হোসেন, এসআই উমর ফারুক, এএসআই নীল মিয়া, ইউপি সদস্য তেরা মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আখলিছ মিয়া, বিএনপি নেতা জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম মন্টু, সাবেক সহ-সভাপতি সারং মিয়া, হীরা মিয়া, মাখন মিয়া, নুরুল হক ও গোলাপ মিয়া।এছাড়া সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

জৈন্তাবার্তা/সুলতানা