ছবি:সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে দেশের সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অসীম সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়ে জাতির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর সেই ঐতিহাসিক অবদান ও আদর্শ বর্তমান যুবসমাজের জন্য মুক্তির পথপ্রদর্শক হয়ে আছে।
তিনি বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, সাহস ও দূরদর্শিতাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তাঁর স্মৃতি ও আদর্শকে মুছে ফেলার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট বিভাগীয় যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শহীদ জিয়ার জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে যুবদলের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে মাঠে কাজ করতে হবে।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামনুর রশীদ কয়েস, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জাল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল মিয়া, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রজব। সভায় সিলেট বিভাগ, জেলা, মহানগর, উপজেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‘শহীদ জিয়ার জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি




