ছবি:সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি চিকিৎসক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং রোগীবান্ধব সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, ওসমানী মেডিকেল কলেজ দেশের অন্যতম সনামধন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার অনেক প্রাক্তন শিক্ষার্থী দেশ-বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং দেশের স্বাস্থ্য খাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তিনি বলেন, প্রতিষ্ঠানটির কিছু সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। এসব সমস্যা দীর্ঘদিন অমীমাংসিত থাকলে ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়গুলো জানার পর বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি পরিদর্শনে এসেছেন বলে জানান।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য পর্যাপ্ত জনবল না থাকা একটি বড় সমস্যা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও উপযোগী পরিবেশ সৃষ্টি, ওয়াকওয়ে নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন জরুরি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ও বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শুধু সিলেট বিভাগের নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজারো মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। রোগীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
এ সময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, দেড় কোটিরও বেশি মানুষের চিকিৎসার ভরসাস্থল এই মেডিকেল কলেজ ও হাসপাতাল। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখা গেলে রোগী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্যই ইতিবাচক পরিবেশ তৈরি হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ বলেন, কলেজের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো সিসিক প্রশাসকের কাছে তুলে ধরা হয়েছে। তিনি বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনকালে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, সহকারী অধ্যাপক ডা. মইনুল ইসলাম চৌধুরী নান্না, সহযোগী অধ্যাপক ডা. শুয়াইব আহমদ শোয়েব, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ নাফি মাহদীসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




