‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের পরিচিতি ও বিতরণ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৭ PM

ছাতক উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের পরিচিতি ও বিতরণ

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৭:৫৭:২৭ PM

‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের পরিচিতি ও বিতরণ

ছবি:সংগৃহীত


সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং একটি মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে তরুণ লেখক মাওলানা শামীম আহমদ রচিত ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের পরিচিতি ও বিতরণ উপলক্ষে ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা এবং সামাজিক দায়বদ্ধতার সংকট সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা বলেন, সচেতনতামূলক বই ও সাহিত্য সমাজ পরিবর্তনের কার্যকর হাতিয়ার। একজন লেখকের লেখনী যেমন মানুষের চিন্তা-চেতনায় ইতিবাচক প্রভাব ফেলে, তেমনি গণমাধ্যমও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে গ্রন্থের লেখক মাওলানা শামীম আহমদ বইটি রচনার পটভূমি, উদ্দেশ্য এবং সমাজ সংস্কারে লেখালেখির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, একটি আদর্শ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নৈতিক শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিকতা এবং সামাজিক মূল্যবোধের চর্চাই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ নিশ্চিত করতে পারে।

তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থে সমাজের বিভিন্ন অসঙ্গতি, দায়িত্ববোধ এবং ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বইটির মাধ্যমে পাঠকদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক চিন্তার প্রসার ঘটানোর চেষ্টা করা হয়েছে।

সভা শেষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে গ্রন্থটির কপি বিতরণ করা হয়। এ সময় বইটি নিয়ে সাংবাদিকদের মধ্যে আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য-সচিব মো. খালেদ মিয়া, মো. আক্তারুজ্জামান, মো. সাকির আমীন, মো. মোশাহিদ আলী, মাহমুদ আলী, অজিত কুমার দাশ, নাজমুল হুসেন জুয়েল, জাহাঙ্গীর হুসেন চৌধুরী, মো. ফজল উদ্দিন, ফারুক আহমেদ নোমান, আবুবকর চৌধুরী, দিলোয়ার হুসেন, মো. লোকমান হুসেন, পাপলু মিয়া, মোহাম্মদ আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ