গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২০ PM

গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৯:০৩:০৬ PM

গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কৃষি খাতের আধুনিকায়ন, উন্নত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব চাষাবাদ সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। মেলার সমাপনী দিনে অংশগ্রহণকারী স্টল ও সফল কৃষি উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাসিম, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির উদ্দিন এবং কৃষক আব্দুল জব্বার।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র ভৌমিক।

মেলায় উন্নত কৃষি প্রযুক্তি, আধুনিক কৃষিযন্ত্র, উচ্চ ফলনশীল ফসল উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন স্টলে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমির উদ্দিনের নেতৃত্বে শিক্ষার্থীরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করে।

অনুষ্ঠানের শেষে শ্রেষ্ঠ স্টল নির্বাচনের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩ জন উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারকারী কৃষক ও সফল কৃষি উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে উৎপাদনশীলতা বাড়বে, কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। এ ধরনের আয়োজন কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ