সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৫ PM

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৫:০৫:৪১ PM

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

সংগৃহিত


সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালামের সরকারি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত এক সস্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, ‘এই মহান সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে, সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো আরও গতিশীল করার জন্য, দেশের মানুষকে আরও সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ….সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে। যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে (শূন্যপদ) নিয়োগ প্রক্রিয়া শুরু করবো ইনশাল্লাহ।’

পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুপস্থিতিতে তার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব।

জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারমধ্যে শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে প্রথম ৩০ মিনিট হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোপর্ব। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল তারকা চিহ্নিত ৫টি প্রশ্ন। এর মধ্যে ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারকা চিহ্নিত তিনটি প্রশ্ন এবং বিভিন্ন সংসদ সদস্য এসংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

মাদারীপুর-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার দুলুর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কয়েক দিন আগে আপনার নেতৃত্বে আমরা কিভাবে এই সংসদ সেশনটা চলবে সেই বিষয়ে আমাদের যে কমিটি আছে, সেই কমিটির মিটিং এ আমরা বসেছিলাম। সেখানে বিরোধীদলীয় নেতাও ছিলেন। উনি একটি বিষয় উল্লেখ করেছিলেন যে, কিছু কিছু ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিছু কিছু সহযোগিতা যেগুলো বিরোধীদলীয় নেতারা হয়তো পাননি… যেটি ঈদের আগে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল অনেকে পেয়েছেন, অনেকে পাননি… আমি মিটিং থেকে বেরিয়ে এসে এলজিআরডি মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়কেই সাথে সাথে নির্দেশনা দিয়েছিলাম যে, যদি বিরোধীদলীয় সংসদ সদস্য কেউ না পেয়ে থাকেন যাতে দ্রুত সেই ব্যবস্থা নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘এই নির্দেশনা দিয়ে আমি এটাই বোঝাতে চাইছি যে, বর্তমান সরকার দেশের সমউন্নয়নে বিশ্বাস করে এবং আমরা সরকার সরকারদলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন, ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে বিরোধীদলীয় সদস্যবৃন্দ যারা আছে, তাদের এলাকায় আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব।’

জৈন্তাবার্তা/সুলতানা