ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১১টায় বড়লেখা পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায়ের মাধ্যমে সফলতা অর্জনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা দক্ষিণ মহিলা কলেজের অধ্যাপক আব্দুস সহীদ খান। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সঠিক পথে এগিয়ে নিতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ আয়োজন আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন বড়লেখা ইউআরসি ইন্সট্রাক্টর কাজী মো. হুমায়ূন কবির, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম এবং বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা ও ইয়লো ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন।
শাহবাজপুর মডেল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রুহেল আহমদ ও হলি চাইল্ড একাডেমি কাটালতলীর প্রধান শিক্ষক এমদাদুল করিম শিমুল চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশুশিক্ষা একাডেমির সহকারী প্রধান শিক্ষক ও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হক।
এ সময় আরও বক্তব্য দেন ইক্বরা ইন্টারন্যাশনাল একাডেমির প্রধান শিক্ষক ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।
অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ, সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
জানা গেছে, গত ২৮ নভেম্বর ২০২৫ উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মেধা যাচাইয়ের মাধ্যমে মোট ৫০ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়। এর মধ্যে ১৪ জন ট্যালেন্টপুল এবং ৩৬ জন সাধারণ বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




