হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (২৭ জুন) পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের উদ্যোগে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
অভিযানের অংশ হিসেবে সড়ক ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে নির্ধারিত ডাম্পিং স্টেশনে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় পৌর প্রশাসক মো. মেহেদী হাসান পৌরবাসীর প্রতি নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।
তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর মাধবপুর গড়ে তোলা সম্ভব।
পৌর প্রশাসক মো. মেহেদী হাসান জানিয়েছেন, পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একই ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তবে পৌরসভাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সম্মানিত পৌরবাসীরও দায়িত্ব রয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




