বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০৭ PM

অ*ভিযোগ বিয়ানীবাজারের ‘হোয়াইট মটরস’ কর্ণধারের বি*রুদ্ধে

বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ০৭:৩৫:১৬ PM

বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত

ছবি:সংগৃহীত


ইউরোপ পাড়ি জমানোর স্বপ্নকে পুঁজি করে প্রবাসীদের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বিয়ানীবাজারের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে তিন ভুক্তভোগীর কাছ থেকে ২৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে সুপাতলায় অবস্থিত ‘হোয়াইট মটরস’-এর কর্ণধার নজরুল ইসলামের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর আশ্বাস দিয়ে মধ্যস্থতাকারী হিসেবে নজরুল ইসলাম তাদের কাছ থেকে জনপ্রতি ৮ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা গ্রহণ করেন। টাকা দেওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি। পরে টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন বলেও অভিযোগ করেন তারা।

জানা গেছে, ভুক্তভোগী তিনজনের বাড়ি সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তারা ইউরোপে যাওয়ার আশায় নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। তার দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে তারা টাকা প্রদান করেন। তবে নির্ধারিত সময় অতিক্রম হলেও বিদেশ পাঠানোর বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে তাদের দাবি।

এ বিষয়ে বিয়ানীবাজার পৌরশহরের বাসিন্দা হাসান আহমদ বলেন, ইউরোপ যাওয়ার আশায় তিনি এবং অন্যরা নজরুল ইসলামের মাধ্যমে টাকা দেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও কোনো অগ্রগতি না হওয়ায় তারা টাকা ফেরত চান। এ সময় নানা ধরনের টালবাহানার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘হোয়াইট মটরস’-এর সত্ত্বাধিকারী নজরুল ইসলামের স্থায়ী বাড়ি কুমিল্লা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে বিয়ানীবাজারে অস্থায়ীভাবে বসবাস করে ব্যবসা পরিচালনা করে আসছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ