ছবি:সংগৃহীত
সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই দমন, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
পুলিশ জানায়, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়। অভিযানে মহানগরীর বিভিন্ন থানাধীন এলাকা থেকে মোট ৮৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে কোতোয়ালি মডেল থানার ১৭ জন, এয়ারপোর্ট থানার ১৫ জন, জালালাবাদ থানার ৯ জন, দক্ষিণ সুরমা থানার ১৭ জন, মোগলাবাজার থানার ১১ জন এবং শাহপরাণ (রহ.) থানার ১৬ জন রয়েছেন।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া বাকি ১৬ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




