ছবি:সংগৃহীত
সিলেটের ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
সিলেটে বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির উদ্যোগে টিলাগড় ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট জামান বলেন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের প্রতি প্রত্যেক মানুষের দায়িত্ব রয়েছে। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত সিলেটের ঐতিহ্যবাহী এই ক্লাবটি আজ হারিয়ে যেতে বসেছে। এর পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে নবীন ও প্রবীণদের একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সমাজের অসঙ্গতি ও বিশৃঙ্খলা দূর করতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড বাড়াতে হবে। টিলাগড় ক্লাব ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।
রাজনীতি ও সামাজিক সহাবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতি যার যার, কিন্তু সমাজ আমাদের সবার। রাজনীতিতে ভিন্নমত থাকতেই পারে। একটি দল রাষ্ট্র পরিচালনা করবে, অন্য দল বিরোধী অবস্থানে থাকবে-এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে রাজনৈতিক কারণে যেন কারো পরিবার আক্রান্ত না হয়, কারো বাড়িতে হামলা না হয়। আমাদের এ ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’
তিনি বলেন, মানুষের জন্য ভালো কাজ করতে হবে, যাতে মৃত্যুর পরও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে অ্যাডভোকেট জামান বলেন, টিলাগড় ক্লাবে সবাইকে সমানভাবে মূল্যায়ন করা হবে। এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প, লাইব্রেরি ও খেলাধুলার ব্যবস্থা করা হবে। নতুন প্রজন্ম যাতে এই ক্লাবের মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে পারে, সেটিই মূল লক্ষ্য।
বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির দপ্তর ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম জুয়েরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহসিন আহমদ এবং গীতা পাঠ করেন পঞ্চায়েত কমিটির সদস্য দীপক রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির প্রধান উপদেষ্টা ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, মুজিবুর রহমান মানিক, নুরুল ইসলাম খোকা, পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি কবির উদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার আহমদ এবং ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির উপদেষ্টা সুশেন্দ্র চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আবদুস সালাম ও তসলিম উদ্দিন, শিক্ষাবিদ পুলিন রায়, সমাজসেবী নাজিম উদ্দিন, যুবনেতা উমেদুর রহমান উমেদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার আহমদের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে তাকে পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




