প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৫ AM

প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ১০:৩০:২০ PM

প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য

ছবি:সংগৃহীত


২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের পর জাতীয় সংসদে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করা হয়েছে। ব্যয় সংকোচনের বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, নৈশভোজ বাতিলের ফলে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে।

প্রতিবছর বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আতিকুর রহমান রুমন বলেন, বর্তমান সরকার ব্যয় কমানো ও অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবেই বাজেট-পরবর্তী নৈশভোজ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন খাতেও ব্যয় সংকোচনের উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, পূর্ববর্তী সময়ে এ খাতে বড় অঙ্কের ব্যয় হলেও বর্তমানে তা সীমিত করা হয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান আপ্যায়ন ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন। চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে ব্যয় হয়েছে প্রায় ১১ লাখ টাকা। এছাড়া দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়নে প্রায় ৯০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাজেট পাসের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল পৌনে ১০টার দিকে সংসদে উপস্থিত হন এবং অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। বাজেটের মঞ্জুরি দাবি, ভোট গ্রহণ প্রক্রিয়া ও আইন প্রণয়ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি বিরতির সময়ে দাপ্তরিক কাজ ও জরুরি ফাইলেও স্বাক্ষর করেন।

গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়। পরে মঙ্গলবার সংসদে বিভিন্ন মঞ্জুরি দাবি নিষ্পত্তি শেষে জাতীয় বাজেট সর্বসম্মতিক্রমে পাস হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: