জাতির সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: কয়েস লোদী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জাতির সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ১১:৫৩:২৫ অপরাহ্ন

জাতির সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: কয়েস লোদী

ছবি:সংগৃহীত


গণমানুষের সামনে জাতির সঠিক ইতিহাস তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেক সত্য মানুষের সামনে তুলে ধরা সম্ভব হয়নি। বিগত সময়ে জাতির সামনে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। অনেক সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করা হয়েছে। এখন সময় এসেছে প্রকৃত ইতিহাস ও সত্য মানুষের সামনে তুলে ধরার।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে মানুষের ন্যায্য আন্দোলন তো দূরের কথা, আন্দোলনে নিহত সহকর্মীদের জন্য গায়েবানা জানাজা পর্যন্ত পড়তে পারেননি তাঁরা। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতার মধ্য দিয়েই আজকের বাংলাদেশের পথচলা। নতুন প্রজন্মকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে পড়াশোনা করারও আহ্বান জানান তিনি।

সোমবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়া পরিবারের সঙ্গে নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করে কয়েস লোদী বলেন, ১৯৭৮ সালে একটি পরীক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকোর সঙ্গে একই কক্ষে পরীক্ষা দিয়েছিলেন তিনি। তখন অনেকেই বলছিলেন, রাষ্ট্রপতির ছেলে তাঁদের সঙ্গে পরীক্ষায় অংশ নিচ্ছেন। অথচ আরাফাত রহমান কোকো তাঁর পাশেই বসে পরীক্ষা দিচ্ছিলেন, বিষয়টি অনেকেই বুঝতে পারেননি। তাঁর সাধারণ পোশাক-পরিচ্ছদের কারণে অন্য পরীক্ষার্থীদের মতোই মনে হয়েছিল তাঁকে।

কয়েস লোদী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন্ত প্রতিচ্ছবি তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে দেখতে পান।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে এবং ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন উপকমিটির আহ্বায়ক তারেক আহম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট ক্যাবল সিস্টেম লিমিটেডের (এসসিএস) ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল এবং মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক।

সিদ্দিকুর রহমান পাপলু বলেন, যুগোপযোগী অনলাইন গণমাধ্যম বর্তমানে বিশ্বব্যাপী সমাদৃত। অনলাইন গণমাধ্যমের প্রত্যেক প্রতিনিধি লাখো মানুষের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের উদ্যোগ নেওয়ায় তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আব্দুর রহমান রিপন বলেন, নগরীর মার্কেটগুলো নির্ধারিত সময়ের পর বন্ধ রাখা হলেও একই শহরে বাণিজ্য মেলা রাত ১১টা পর্যন্ত পরিচালিত হচ্ছে। রাত ৮টার পর মার্কেট বন্ধ রাখার নিয়ম থাকলে বাণিজ্য মেলার ক্ষেত্রে ভিন্ন সময়সূচি কেন, সে প্রশ্ন তুলে তিনি জনস্বার্থে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদের সদস্য মো. মশাহিদ আলী, সৈয়দ রাসেল আহমদ, অভ্যন্তরীণ ক্রীড়া উপকমিটির সদস্য মো. আলমগীর আলম এবং সদস্য মো. আমির উদ্দিন, নাহিদ আহমদ ও ফাহিম আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য মাহফুজ কাউছার সাদি। গীতা পাঠ করেন ক্লাব সদস্য জনি কান্ত শর্মা এবং ত্রিপিটক পাঠ করেন উৎফল বড়ুয়া।

পরে বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি রেজাউল হাসান কয়েস লোদী।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল