ছবি:সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রায়হান মিয়া (২৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত রায়হান মিয়া উপজেলার মীরনগর গ্রামের কাউসার মিয়ার ছেলে।
বুধবার (৮ জুলাই) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পেনাল কোড, ১৮৬০-এর ৫০৯ ধারায় এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, বুধবার দুপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে রায়হান মিয়ার বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
দণ্ডাদেশ কার্যকর করার জন্য রায়হান মিয়াকে পুলিশি হেফাজতে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




