ছবি:সংগৃহীত
ঢাকার আকাশে বিরূপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আবুধাবি-ঢাকা রুটের একটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প হিসেবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
রোববার (১২ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ (BS-342) ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে নিরাপদে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুপুর ২টা ৪৩ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি এবং রোববার সকাল পর্যন্ত ঢাকার আকাশে প্রতিকূল আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামায় জটিলতা সৃষ্টি হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফ্লাইটটিকে বিকল্প বিমানবন্দর হিসেবে সিলেটে অবতরণের নির্দেশ দেওয়া হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে রোববার ভোর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়। কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট দীর্ঘ সময় আকাশে চক্কর দেওয়ার পর ঢাকায় অবতরণ করে এবং কিছু ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।
হাফিজ আহমদ বলেন, রোববার আবুধাবি থেকে আসা এটিই একমাত্র আন্তর্জাতিক ফ্লাইট, যা বিকল্প হিসেবে সিলেটে অবতরণ করেছে। ভবিষ্যতেও কোনো উড়োজাহাজ নির্ধারিত গন্তব্যে নিরাপদে অবতরণ করতে না পারলে এবং সিলেটের আবহাওয়া অনুকূলে থাকলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিকল্প হিসেবে ব্যবহার করা হতে পারে। আন্তর্জাতিক বিমান চলাচলে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




