সিলেটের জৈন্তাপুর উপজেলাকে মাদকমুক্ত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের কাছে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন 'মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর'।
সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি জৈন্তাপুর উপজেলায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাদকের ভয়াল ছোবলে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক হুমকির মুখে পড়ছে।
মাদকাসক্তি ও মাদক ব্যবসার কারণে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থায় জৈন্তাপুরকে মাদকমুক্ত করতে প্রশাসনের জরুরি ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা, মাদক বিক্রয়, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, নিয়মিত মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন এবং প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম-উলামা ও সামাজিক সংগঠনের সমন্বয়ে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার উদ্যোগ গ্রহণ।
স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় সংগঠনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, মাদক সংশ্লিষ্ট যেই হোক না কেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংগঠনকে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুজাম্মিল হেলালী, সভাপতি ফরহাদুজ্জামান, সাধারণ সম্পাদক রেজওয়ান চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
জৈন্তাবার্তা/আরআর




