ছবি:সংগৃহীত
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। নির্বাচনের আগে গণসংযোগ, পথসভা ও বিভিন্ন জনসভায় তিনি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করে ১০১ শয্যায় উন্নীত করার অঙ্গীকার করেছিলেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তিনি।
নির্বাচনের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণের অনুমোদন দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রকাশিত সরকারি প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী, দেশের ৪১টি ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং আরও ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের লক্ষ্যে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্প প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির প্রস্তাব পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত তালিকায় সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, স্বাস্থ্য কমপ্লেক্স দুটির শয্যাসংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়নের ফলে এ অঞ্চলের লাখো মানুষ আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন। বিশেষজ্ঞ চিকিৎসা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা স্থানীয় পর্যায়েই সহজলভ্য হবে, ফলে জেলা শহরে চিকিৎসার চাপও কমবে।
এদিকে, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে সরকারি অনুমোদনের কপি প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




