নিজস্ব
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় তিনি পর্যটননির্ভর মৌলভীবাজারের সার্বিক উন্নয়নে বড় ধরনের সমন্বিত প্রকল্প নেওয়ার কথা জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, পর্যটননগরী মৌলভীবাজারের উন্নয়নে প্রায় ১ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, শিক্ষা, শিল্পায়ন, পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে পরিকল্পিতভাবে কাজ করা হবে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল শহরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণাধীন ভবন, শহরের ময়লার ভাগাড় স্থানান্তরের সম্ভাব্য স্থান এবং রাধানগর-মহাজিরাবাদ সড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।
তিনি বলেন, চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার কাজ করছে।
শ্রীমঙ্গলের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, “শুধু একটি-দুটি রাস্তা নির্মাণ করলেই উন্নয়ন সম্পূর্ণ হয় না। পর্যটননগরী হিসেবে শ্রীমঙ্গলের সৌন্দর্য, পরিবেশ, নাগরিক সুবিধা ও যোগাযোগ ব্যবস্থার সমন্বিত উন্নয়ন প্রয়োজন। সরকার সেই লক্ষ্যেই পরিকল্পনা করছে।”
শহরের একটি মাঠের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মাঠের একটি অংশে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য মনোরম পরিবেশ তৈরি করা হবে। সেখানে তারা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরে তিনি শিশু উদ্যান পরিদর্শন করে সেখানে শিশুদের খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি বয়স্ক ব্যক্তি ও সাধারণ মানুষের হাঁটাচলার জন্য ওয়াকওয়ে নির্মাণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
শিশু উদ্যানের একটি ভবনকে কাজে লাগিয়ে ইংলিশ ভার্সন স্কুল চালুর সম্ভাবনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, শ্রীমঙ্গল ও আশপাশের অনেক পরিবারের সদস্য বিদেশে বসবাস করেন। স্থানীয়ভাবে ইংলিশ ভার্সনে শিক্ষার সুযোগ তৈরি হলে এসব পরিবারের সন্তানদের পাশাপাশি এলাকার অন্যান্য শিশুরাও উপকৃত হবে।
এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় বাজেট প্রস্তাব দিতে বলেছেন উল্লেখ করে বলেন, শ্রীমঙ্গলবাসীর প্রয়োজন ও দাবিকে গুরুত্ব দিয়ে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, মৌলভীবাজারকে জাতীয় উন্নয়নের মূলধারায় আরও শক্তভাবে যুক্ত করতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। পর্যটন, যোগাযোগ, শিক্ষা, শিল্প ও কর্মসংস্থান—সব ক্ষেত্রেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলাটিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, সরফরাজ আলী সরফুসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/সুলতানা




