ছবি:সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানুষকে সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সিলেটের উদ্যোগে আয়োজিত নগর পরিক্রমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নিম্বার্ক আশ্রমের সামনে থেকে বর্ণাঢ্য নগর পরিক্রমাটি বের হয়। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তরা অংশ নেন। ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও নানা আয়োজনের মধ্য দিয়ে পরিক্রমাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি, উৎসব সবার। প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে। এই সম্প্রীতি ধরে রাখতে আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখতে হবে।’
তিনি আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশন নগরীর সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনুষ্ঠানিকভাবে নগর পরিক্রমার উদ্বোধন করেন সিসিক প্রশাসক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
পরে সিসিক প্রশাসক মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। পরে তিনি সংগঠনের প্রকাশনা ‘সারথি’-এর মোড়ক উন্মোচন করেন।
এ সময় বক্তব্য দেন শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক নারদ বিশ্বাস, সদস্য সচিব পাচু মোহন বিশ্বাস, প্রধান উপদেষ্টা সুসেন্দ্র চন্দ্র সরকার, প্রকাশনা উপপরিষদের আহ্বায়ক পুলিন রায়, প্রধান সমন্বয়কারী জ্যোতি মোহন বিশ্বাস প্রমুখ।
জন্মাষ্টমীর এই আয়োজনকে ঘিরে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও উঠে আসে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




