বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ PM

শিক্ষার্থীবান্ধব পরিবেশ

বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৪:৩১:২২ PM

বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

ছবি:সংগৃহীত


সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে মৌলভীবাজারের কুলাউড়ার বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক (বিএইচ) বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের সভাপতি ও কুলাউড়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জমসেদ খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম এবং প্রধান শিক্ষক ড. আবদুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বিদ্যালয়ের আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও খেলার মাঠসহ শিক্ষার্থীদের চলাচলের স্থানগুলো পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিদ্যালয়ের সভাপতি মো. জমসেদ খান বলেন, উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের আঙিনা যাতে অস্বাস্থ্যকর না থাকে, কোথাও যেন ময়লা-আবর্জনা জমে না থাকে এবং শ্রেণিকক্ষগুলোও যেন অপরিষ্কার না থাকে-এ লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধান শিক্ষকদের সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম সারা বছর অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রমের আওতায় পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলতে হবে। পরিচ্ছন্নতার বিষয়টি ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে খেলার মাঠ যথাসম্ভব পরিচ্ছন্ন ও খেলাধুলার উপযোগী রাখতে হবে।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ