শ্রেণিকক্ষ ফাঁকা রেখে কোচিংয়ে শিক্ষার্থীরা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সিলেটে ক্লাস চলাকালে কোচিং বন্ধের নির্দেশনা চাইলেন সিউক চেয়ারম্যান

শ্রেণিকক্ষ ফাঁকা রেখে কোচিংয়ে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ১১:৪৭:০৪ অপরাহ্ন

শ্রেণিকক্ষ ফাঁকা রেখে কোচিংয়ে শিক্ষার্থীরা

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলছে, অথচ শিক্ষার্থীদের একটি বড় অংশ শ্রেণিকক্ষে নেই। ক্লাসে থাকার কথা দুই শতাধিক শিক্ষার্থীর, কিন্তু উপস্থিত পাওয়া গেল মাত্র ৭৫ জন। অনুপস্থিতদের অনেকেই শ্রেণিকক্ষের বদলে বিভিন্ন কোচিং সেন্টারে পাঠ নিচ্ছে। আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের এমন শ্রেণিকক্ষবিমুখতার চিত্র দেখতে পেয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

সোমবার দুপুরে প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, কলেজের নিয়মিত ক্লাস চলার সময়েই নগরীর বিভিন্ন কোচিং সেন্টারে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে অনেকে নিজ প্রতিষ্ঠানের ক্লাসে অংশ না নিয়ে কোচিংয়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে সিলেটের জেলা প্রশাসককে ফোন করেন সিউক চেয়ারম্যান। নগরীতে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের সময় কোচিং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, একটি শ্রেণিতে দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি থাকার কথা থাকলেও পাওয়া গেছে মাত্র ৭৫ জনকে। শিক্ষার্থীদের কাছে উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে তারা জানায়, অনেকে কলেজের ক্লাস না করে একই সময়ে কোচিং সেন্টারে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের সময় কোচিং চালু রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি প্রচলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, নগরীতে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে জেলা প্রশাসককে নোটিশ জারির উদ্যোগ নিতে বলেছি। কোন কোন প্রতিষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস চলাকালে কোচিং পরিচালনা করছে, তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতিকে ফলাফল খারাপ হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে সিউক চেয়ারম্যান বলেন, মাত্র দুটি ক্লাস পরিদর্শন করেই এমন চিত্র পাওয়া গেছে। এটি শুধু আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সমস্যা নয়; নগরীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও একই পরিস্থিতি থাকতে পারে। শহরে অসংখ্য কোচিং সেন্টার গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে স্কুল-কলেজের ক্লাস চলাকালেই পাঠদান হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণিকক্ষ এড়িয়ে কোচিংমুখী হচ্ছে।

এ ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয় নিয়মিত পড়াশোনার জন্য। কিন্তু তারা যদি শ্রেণিকক্ষে না গিয়ে কোচিংয়ে সময় কাটায়, তাহলে ভালো ফলাফল আশা করা কঠিন। কোনো কোনো শ্রেণিতে ১০০ থেকে ১২৫ জনের বেশি শিক্ষার্থী থাকলেও উপস্থিতি অত্যন্ত কম। অনুপস্থিতদের একটি বড় অংশ কোচিং সেন্টারে যাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। এটি উদ্বেগজনক।

কোচিংনির্ভরতার কারণে অভিভাবকদের বাড়তি আর্থিক চাপের বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর মতে, কোচিং সেন্টারে যেসব বিষয় পড়ানো হয়, সেগুলোর পাঠ শিক্ষাপ্রতিষ্ঠানেও দেওয়া হয়। তাহলে নিয়মিত ক্লাস বাদ দিয়ে কোচিংয়ে যাওয়ার যৌক্তিকতা কী? এতে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে, পাশাপাশি অভিভাবকদের একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, অন্যদিকে কোচিংয়ের ফি দিতে হচ্ছে।

শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকেই পাঠ গ্রহণ করতে হবে। ক্লাস চলাকালে কোচিং সেন্টার পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষবিমুখ করার সুযোগ দেওয়া যাবে না। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে এ ধরনের কার্যক্রম চললে তা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে তিনি কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমিয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগের সঙ্গে পাঠ গ্রহণের আহ্বান জানান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে দলীয়করণমুক্ত পরিবেশ জরুরি: এমপি লুনা
জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যারা
সিলেট বিআরটিএতে ঘু/ষ ছাড়া মেলে না ফিটনেস, দুদকের অভিযানে মিলল সত্যতা
জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার