জকিগঞ্জে ২৬২ বস্তা সরকারি চাল লু/টের মা/মলা: ২৫ আ/সামি কা/রাগারে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

জামিন আবেদন নামঞ্জুর

জকিগঞ্জে ২৬২ বস্তা সরকারি চাল লু/টের মা/মলা: ২৫ আ/সামি কা/রাগারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ১০:২৭:২২ অপরাহ্ন

জকিগঞ্জে ২৬২ বস্তা সরকারি চাল লু/টের মা/মলা: ২৫ আ/সামি কা/রাগারে

ছবি:সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের প্রায় সাড়ে ছয় বছর পর দায়ের করা মামলায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। এ ঘটনায় করা নালিশি মামলায় ২৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত জকিগঞ্জ সি.আর. মামলা নং-৮৫/২০২০-এর শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার নালিশ ও বিবরণ সূত্রে জানা যায়, মেসার্স মেঘনা অটোমেটিক রাইস মিলের পরিচালক বাংলাদেশ সরকারের খাদ্য বিভাগের সঙ্গে চুক্তির ভিত্তিতে সরকারি গুদাম থেকে চাল উত্তোলন করে পুষ্টিসমৃদ্ধ করার পর জকিগঞ্জ উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির নির্ধারিত ডিলারদের কাছে সরবরাহ করতেন। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ এপ্রিল প্রতিষ্ঠানটির একটি কার্গো ট্রাকে ৫৭০ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল নিয়ে রাত আনুমানিক ১২টার দিকে জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে পৌঁছানো হয়। পরে ট্রাকটি সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে অবস্থান নেয়।

মামলার অভিযোগে বলা হয়, পরদিন ২৬ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে ট্রাক থেকে চালের বস্তা নামানোর সময় ১ নম্বর আসামি মো. আবুল হোসেন খানের নির্দেশে অন্য আসামিসহ প্রায় ১০০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ট্রাকটি ঘেরাও করেন। এ সময় ট্রাকচালককে হত্যার হুমকি দিয়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৬২ বস্তা চাল লুট করে নিয়ে যাওয়া হয়। লুট হওয়া চালের আনুমানিক বাজারমূল্য ছিল তিন লাখ টাকা।

নালিশে আরও উল্লেখ করা হয়, পরে জকিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবশিষ্ট ৩১১ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করে এবং চালক ও সহকারীকে থানায় নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে জকিগঞ্জ থানা কর্তৃপক্ষ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের যোগসাজশে উল্টো বাদীকেই জকিগঞ্জ থানার ২৪ নম্বর মামলায় (তারিখ: ২৬ এপ্রিল ২০২০) আসামি করে গ্রেপ্তার দেখায়। ওই মামলাটি জকিগঞ্জ জি.আর. ৯৯/২০২০ হিসেবে নথিভুক্ত হয়।

দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে এবং করোনা মহামারির কারণে বিলম্বে ২০২০ সালের ১১ অক্টোবর বাদী আদালতে নালিশি মামলাটি দায়ের করেন। দণ্ডবিধির ১৪৩/১৪৪/৩৪১/৩৭৯/৫০৬(২)/১১৪ ধারায় দায়ের করা এ মামলায় ২৫ জনকে আসামি করা হয়।

কারাগারে পাঠানো আসামিরা হলেন-খলাদাপনিয়া গ্রামের মন্তজির আলী খাঁনের ছেলে মো. আবুল হোসেন খাঁন (৫০), মাতারগ্রাম গ্রামের আয়াছ আলীর ছেলে বিলাল আহমদ (৪০), শিবেরচক গ্রামের আলাই মিয়ার ছেলে মোস্তফা উদ্দিন (৩৫), খলাদাপনিয়া গ্রামের মাহমদ আলীর ছেলে লোকমান মিয়া (৩৭), পূর্ব শাহজালালপুর গ্রামের মৃত মস্তকিন আলীর ছেলে মইয়ব আলী (৪৫), পশ্চিম শাহজালালপুর গ্রামের মৃত মাখই মিয়ার ছেলে নাজির আহমদ (৩০), পূর্ব শাহজালালপুর গ্রামের মৃত আব্দুল লতিফ ওরফে কুটু মিয়ার ছেলে ছলু মিয়া (আব্দুছ সালাম) (৪২), হাতিডহর গ্রামের মৃত তমু মিয়া (জমির আলী)-এর ছেলে আহমদ আলী বলাই (আলী আহমদ) (২৮), পূর্ব শাহজালালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে হানাই মিয়া (আব্দুল হান্নান) (৪০), মাতারগ্রাম গ্রামের মৃত কটু মিয়ার ছেলে হোছন মিয়া (৩৭), রসুল গ্রামের মাখন মিয়ার ছেলে সুন্দর আলী আলাউদ্দিন, কলাকুটা গ্রামের মুছই মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (৩৭), মাতারগ্রাম গ্রামের রেহমান মিয়ার ছেলে শামীম আহমদ (৩৭), শিবেরচক গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল বাছিত (৩০), নান্দিশ্রী গ্রামের মৃত তছদ্দর আলী চৌধুরীর ছেলে নোমান উদ্দিন চৌধুরী (৪৫), খাসেরা গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. জামিল আহমদ (৩০), নওয়াগ্রাম-খলাদাপনিয়া গ্রামের মৃত মেখাই মিয়ার ছেলে মো. আব্দুস শুকুর (৪৫), পাগলীরপার-খলাদাপনিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মুমিন (৩০), তোপখানা-নওয়াগ্রাম গ্রামের মৃত বদরুল ইসলামের ছেলে মো. নিজাম উদ্দিন (৩৫), সুনারচক গ্রামের মো. ফারুখ মিয়ার ছেলে সুজন আহমদ (৩০), নগরকান্দি গ্রামের মৌলভী আব্দুল ওয়াহিদের ছেলে দেলোয়ার হোসেন (২৯), দেওয়ানচক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে বিপ্লব আহমদ (২৮), দরগাবাহারপুর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে রাহেল আহমদ (২৬), মাতারগ্রাম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৪৫) এবং তোপখানা-খলাদাপনিয়া গ্রামের সুমন মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৪৫)।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি বলেন, করোনা মহামারির সময় প্রকাশ্য দিবালোকে রাজপথে ২৬২ বস্তা চাল লুটের ঘটনা সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। পিবিআই দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে।

বাদীপক্ষে শুনানিতে আরও অংশ নেন অ্যাডভোকেট মিসবাউজ্জামান খান জাকারিয়া, অ্যাডভোকেট জাহিদুল হক জাবেদ ও অ্যাডভোকেট আব্দুল করিমসহ অন্য আইনজীবীরা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে ২৬২ বস্তা সরকারি চাল লু/টের মা/মলা: ২৫ আ/সামি কা/রাগারে
‘ডিসেম্বরের অপেক্ষা কেন, আজ বা কালই দেশে আসুন’-শেখ হাসিনাকে খন্দকার মুক্তাদির
আ/গুন স/ন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
নেপালের ভূমিকম্পে কাঁ/পল সিলেট
সিলেটে হাম উ/পসর্গে আরও ৩ শিশুর মৃ/ত্যু
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু
শিক্ষার মানোন্নয়নে দলীয়করণমুক্ত পরিবেশ জরুরি: এমপি লুনা
জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যারা
সিলেট বিআরটিএতে ঘু/ষ ছাড়া মেলে না ফিটনেস, দুদকের অভিযানে মিলল সত্যতা