সুনামগঞ্জে ঝুঁকিতে ২৩ কোটি টাকার সেতু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জে ঝুঁকিতে ২৩ কোটি টাকার সেতু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৮:০২:৫৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ঝুঁকিতে ২৩ কোটি টাকার সেতু

সুনামগঞ্জে সেতুর গোড়ায় ধস দেখা দেয়।


সুনামগঞ্জের নিয়ামতপুর-তাহিরপুর সড়কের ফতেহপুর বাজারে আবুয়া সেতুর নিচ থেকে ড্রেজার মেশিনে নির্মীয়মাণ সড়কে মাটি উত্তোলন করায় সেতুর গোড়ায় ধস দেখা দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী ১০০ সেতুর সঙ্গে এই সেতুটিও উদ্বোধন করেছিলেন। ২০১৮-১৯ অর্থবছরে ২২ কোটি ৮০ লাখ টাকায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতুটি নির্মাণ করেছে। এর আগে ১৫ বছর আগে এখানেই নির্মীয়মাণ সেতুটিকে পরিত্যক্ত ঘোষণা করে নতুন সেতু নির্মাণ করা হয়।

বহুল কাঙ্ক্ষিত এই সেতু চালুর ফলে তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার বাসিন্দারা সহজেই জেলা শহরের সঙ্গে সরাসরি যাতায়াতের আওতায় এসেছে।

সুনামগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নিয়ামতপুর-তাহিরপুর সড়কটি গত কয়েক বছরের বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে। বরাদ্দের অভাবে সংস্কারকাজ হচ্ছিল না। ২০২২ সালের ভয়াবহ বন্যায় সড়কটি একেবারে বিধ্বস্ত হওয়ায় সড়ক বিভাগ ৯ কিলোমিটার সড়কটি সংস্কার ও মেরামতে ৩৬ কোটি ৩৫ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করে।

সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের বিশ্বম্ভরপুর অংশের নিয়ামতপুর থেকে উত্তরে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গেছে সড়কটি। যৌথভাবে সংস্কার ও নির্মাণকাজটি পেয়েছে সালেহ অ্যান্ড ব্রাদার্স ও কামরুল অ্যান্ড ব্রাদার্স নামের দুটি প্রতিষ্ঠান। তবে কাজটি সাবকন্ট্রাক্ট নিয়ে কাজ করছেন আব্দুল হান্নান নামের একজন ঠিকাদার। তিনি স্থানীয় প্রভাবশালী কয়েকজনকে দিয়ে সড়কের মাটি ও সেতুর সংযোগে মাটি ভরাটের চুক্তিও করেছেন।তারাই এখন মাটি ভরাট করছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাটি সরবরাহকারীরা বিভিন্ন স্থান থেকে মাটি এনে আবুয়া সেতুর গোড়ায় ড্রেজার মেশিন লাগিয়ে সেই মাটি উত্তোলন করছে। মাটির সঙ্গে পানি আসায় এই পানি অপসারণের বিকল্প ব্যবস্থা না থাকায় সেতুর গোড়া হয়ে চুইয়ে পড়ছে পানি। ফলে সেতুর গোড়ায় বিরাট ধস দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন যুবক প্রতিবাদ করায় তাদের ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ঠিকাদারের লোকেরা। 

এদিকে সেতুর গোড়ায় ধসের খবর পেয়ে রবিবার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ও সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী সহদেব সূত্রধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তখন স্থানীয়রা তাঁদের জানায়, ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করার কারণে সেতু গোড়ায় ধস দেখা দিয়েছে। তখন তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ ঠিকাদারের লোকদের এভাবে মাটি ভরাটে নিষেধ করে সেতুর ধস এলাকা আবারও মাটি ভরাট করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

জৈন্তাবার্তা/জেএ