সুনামগঞ্জের বর্ডার হাটকে ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে নামছে লাখ লাখ টাকার মালামাল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সুনামগঞ্জের বর্ডার হাটকে ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে নামছে লাখ লাখ টাকার মালামাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৪ ০৭:২০:৪০ পূর্বাহ্ন

সুনামগঞ্জের বর্ডার হাটকে ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে নামছে লাখ লাখ টাকার মালামাল


সুনামগঞ্জের তিনটি র্বডার হাটকে ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে লাখ লাখ টাকার মালামাল নিয়ে আসছে কিছু সংখ্যক চোরাকারবারিরা। রোববার এই বিষয়ে আইন—শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ্ বিন রশিদ বর্ডার হাটের বাংলাদেশ অংশে আরও অবকাঠামো উন্নয়ন প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলেন, তল্লাসি চৌকি, সড়ক অবকাঠামো, নিরাপত্তা কর্মীদের বসার ব্যবস্থা, ভারত অংশের ন্যায় এদিকে দ্বিতীয় গেট প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন।

এছাড়া হাটে যাওয়া বাংলাদেশীদের মধ্যে কোন কোন ব্যক্তি ২০ হাজার টাকার পণ্যের স্থলে দুই লাখ টাকার পণ্য কিনে দুই দেশেরই শুল্ক ফাঁকি দিচ্ছে বলে সভায় উপস্থিত অনেকে মন্তব্য করেন। বিশেষ করে পেঁয়াজ, চিনি, চকলেট, হরলিক্স এসব নিয়ে আলোচনা ওঠে বৈঠকে।

এছাড়া শহরে মোটর সাইকেল চুরি ও মলম পার্টির দৌরাত্ম নিয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিমান কান্তি রায় ও জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য জানান, অন্যান্য আলোচনার মধ্যে বর্ডার হাটকে ব্যবহার করে অবৈধ পণ্য নামার বিষয়েও আলোচনা হয়েছে।

জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী’র সভাপতিতে সভায় জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে