ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে যাওয়ার মিশনে পাপুয়া নিউগিনিকে অল্পতেই আটকে দিয়েছে আফগানিস্তান। আফগান পেসারদের তোপের মুখে ১০০ রানের আগেই অলআউট হয়ে গেছে পিএনজি। নাভিন-রশিদদের আগুনে বোলিংয়ে নিউগিনির মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।
শুক্রবার (১৪ জুন) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ১৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করেছে পাপুয়া নিউগিনি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পিএনজি। রানআউটের খপ্পরে পড়ে প্যাভিলিয়নে ফেরেন ২ বলে ৩ রান করা অধিনায়ক আসাদ ভালা।পরের ওভারে ২ বলে ২ উইকেট শিকার করেন ফজল হক ফারুকি। রানের খাতা খোলার আগেই লেগা সিয়াকা ও সেসে বাউকে প্যাভিলিয়নে ফেরান এই পেসার।
দলীয় ১৭ রানে ৪ উইকেট হারানো পিএনজি ৩০ রানের মাথায় পঞ্চম উইকেট খুইয়ে বসে। ১৮ বলে ১১ রান করা ওপেনার টনি উরাকে সাজঘরে ফেরান নাভিন-উল-হক।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। তবে অষ্টম উইকেটে কিপলিন দরিগা ও অ্যালেই নাওয়ের দুর্দান্ত জুটিতে ১০০ ছুঁই ছুঁই পুঁজির স্বপ্ন বুনে নিউগিনি। নুর আহমেদের ঘূর্ণিতে দুই চারে ৩২ বলে ২৭ রান করা দরিগা বিদায় নিলে ভাঙে তাদের ৩৮ রানের জুটি।
এরপর বেশিক্ষণ টেকেনি পিএনজির ইনিংস। শেষ পর্যন্ত ৯৫ রানে অলআউট হয় দলটি।
আফগানদের হয়ে সবচেয়ে সফল বোলার ফারুকি। ৪ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট শিকার করে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার।
অন্যদিকে ২ দশমিক ৫ ওভারে মাত্র ৪ রান খরচায় ২ উইকেট নেন নাভিন-উল হক। এ ছাড়া নুর আহমেদের শিকার একটি উইকেট।
উল্লেখ্য, গ্রুপ ‘সি’ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে জয় পেলে আফগানরাও শেষ আটে উঠে যাবে। আর এক ম্যাচ বাকি থাকতেই বিদায় ঘণ্টা বাজবে নিউজিল্যান্ডের।
এস এইচ টি/




