ছবি : সংগৃহিত
জিয়েজাং ইউনিভার্সিটি অব ক্রিকেট গ্রাউন্ডে নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তারদের বাঁধভাঙ্গা উচ্ছাস। এই উদযাপনে শামিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। হ্যাংঝু এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছে নারী ক্রিকেট দল। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে লাল সবুজের দলটি।
২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়াডে পদকহীন ছিল বাংলাদেশ। এবার অন্তত খালি হাতে ফিরতে হচ্ছে না।
ভারতের কাছে হেরে ক্রিকেটে স্বর্ণ জয়ের স্বপ্ন ভেঙ্গে গেলেও ব্রোঞ্জের লড়াইয়ে মেয়েরা ছিলেন দুর্দান্ত। সেমিফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে জ্যোতির ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটি ছিল প্রশ্নবিদ্ধ। সেই ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে হেরেছিল বাংলাদেশ।
সোমবার তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান। স্বর্ণা আর সানজিদার বোলিংয়ে নৌপুণ্যে ২০ ওভারে ৯ উইকেটে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। স্বর্ণা তিনটি এবং সানজিদা দুই উইকেট নেন।
স্লো পিচে কম রানের টার্গেট তাড়া করতে নামা দেখেশুনে শুরু করে টাইগ্রেসরা। দলীয় ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারালেও পঞ্চম উইকেটজুটিতে স্বর্ণা আক্তার এবং রিতু মনি হিসাবি ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে ১৮.২ ওভারে গন্তব্যে পৌছে যায় মেয়েরা।
SH




