শান্তিগঞ্জে মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণে বাধা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫১ AM

শান্তিগঞ্জে মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণে বাধা

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ০৩:২১:৪৬ AM

শান্তিগঞ্জে মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণে বাধা

ছবি নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামে মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৬ মে) বেতকোনা গ্রামের বিরাম বক্সের পুত্র গয়াস মিয়া (৬৫) গংদের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে এমন অভিযোগ দায়ের করেছেন তার ছোট ভাই সুজুক মিয়া (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত গয়াছ মিয়া অভিযোগকারীর আপন বড় ভাই হলেও তিনি অত্যন্ত উগ্র, দাঙ্গাবাজ, পরধনলোভী, প্রভাবশালী, লাঠিয়াল লোক। অভিযোগকারী সুজুক মিয়া একজন প্রবাসী। প্রবাস থেকে কিছুদিন আগে দেশে এসে তার মালিকানাধীন জায়গা ও আরেক ভাইয়ের কাছ থেকে বিনিময়কৃত ১৯ শতক জায়গায় বিগত আট বছর পূর্বের নির্মাণাধীন পাকা ঘর পরিপূর্ণ করার জন্য কাজ শুরু করেন। কিন্তু অভিযুক্তরা ঘর নির্মাণকাজে বাধা দেয়। তখন ভুক্তভোগী ঘর নির্মাণে কেন বাধা দেয়া হচ্ছে জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তারা সুজুক মিয়াকে মারধর করতে উদ্যত হয়। এসময় আসামিগণ বাদীর ক্রয়কৃত বালু-পাথর লুট ও বসতঘর ভাঙচুর করে। তখন বাদীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা চলে যায়। যাওয়ার সময় আসামিরা প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে বলে- বাদীর নির্মাণাধীন বসতঘর জোরপূর্বক দখল করবে। তারা আত্রও বলে, যদি এই ঘরে আর কোনো কাজ করা হয় অথবা গাছ কাটা হয়, তাহলে পরিবারের কাউকে সুযোগমতো পেলে খুন করবে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে। এমন পরিস্থিতিতে কোনো উপায়ন্তর না পেয়ে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন সুজুক মিয়া।

অভিযোগকারী সুজুক মিয়া বলেন, আসামি আমার আপন ভাই হলেও তিনি অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। নিজ স্বার্থের জন্য তিনি আমার ঘর নির্মাণে বাধা দিয়েছেন। আমার মালিকানাধীন গাছ বিক্রি করেছিলাম, সেই গাছ নিতেও তিনি বাধা দিচ্ছেন। আমি প্রবাস থেকে এসে অসহায় হয়ে পড়েছি। আমার পরিবার নিয়ে আমি অন্যের ঘরে আছি। যদি ঘর নির্মাণ না করতে পারি আমরা কোথায় গিয়ে থাকবো? আমি এর বিচার চাই। 

এ ব্যাপারে অভিযুক্ত গয়াছ মিয়া বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: