সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে সোয়া ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শুক্র ও শনিবার দুইদিনে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্তের বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর ও দমদমিয়া বিওপির আওতাধীন এলাকায় ভারতীয় পণ্যের চোরাচালান প্রতিরোধে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় স্মার্টফোন ডিসপ্লে, চকলেট, গরু, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলন করা নৌকা জব্দ করা হয়।
এ ছাড়া শ্রীপুর বিওপির একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার আলুটিলা এলাকায় সেনাবাহিনীর সহায়তায় একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবী লোশন, শাড়ি ও থ্রি পিস জব্দ করে।
জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত দুইদিনের অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাই পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর




