প্রতীকী ছবি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঘোগারকুল এলাকায় নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। তার নাম সৈয়দ মুহি উদ্দিন। মঙ্গলবার সকালে স্থানীয় এরাল বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাত ৯টার মুহি উদ্দিনসহ ৩ জন নৌকা নিয়ে বিলে ঘুরাঘুরি করছিলেন। হঠাৎ তাদের নৌকাটি ডুবে যায়। অন্য দুইজনকে আশপাশের লোকজন এসে উদ্ধার করলেও নিখোঁজ হন মুহি উদ্দিন। সারারাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে আজ মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে তল্লাশি চালিয়ে তার লাশ খুঁজে পান।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, নৌকা ডুবে সৈয়দ মুহি উদ্দিন নামের এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে তার লাশ খুঁজে বের করেছেন। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তা বার্তা/আরআর




